ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক, শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে পরিচালিত এই কর্মসূচির আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসার জন্য এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে

চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত গুরুতর আহতের চিকিৎসা সনদ, প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

আবেদনের শর্তাবলি

  • বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরের মধ্যে দুর্ঘটনা ও চিকিৎসার সময়কাল হতে হবে। তবে সর্বোচ্চ এক বছরের ব্যবধানও গ্রহণযোগ্য। একই চিকিৎসা মেয়াদে একজন শিক্ষার্থী একবারই আবেদন করতে পারবেন।
  • আগের শ্রেণিতে শিক্ষার্থীর অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৩৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এ ফলাফলের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
  • সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা সংশ্লিষ্ট অফিস প্রধানের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন।
  • দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়ন করা চিকিৎসা সনদের স্পষ্ট কপি আপলোড করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ, জন্মনিবন্ধন, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর দিতে হবে। এছাড়া শিক্ষার্থী অথবা তার বাবা-মায়ের নামে থাকা সক্রিয় অনলাইন ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক।

শিক্ষার্থী অথবা তার মা-বাবার নামের নিজস্ব অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ও সচল মোবাইল নম্বর দিতে হবে। প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। তবে মা-বাবার অনুপস্থিতিতে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাব বিবেচনা করা হবে। অসম্পূর্ণ বা ভুল অ্যাকাউন্টের কারণে টাকা বাউন্সড (ফেরত) হলে ট্রাস্ট আর পুনরায় টাকা পাঠাবে না।

প্রতিষ্ঠান তালিকায় নাম না থাকলে

অনলাইনে আবেদনের সময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকায় পাওয়া না গেলে প্রতিষ্ঠানপ্রধানকে ইআইআইএন নম্বরসহ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা  ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করতে হবে। এ আবেদন ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd ই-মেইলে পাঠানো যাবে।

অনুদানপ্রাপ্তির সময়সীমা

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের টাকা পাঠানো হবে। আবেদন করার পর সাধারণত ৩ থেকে ৪ মাসের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পাঠানো হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফোনে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে।