বিয়ে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে বেনারসি শাড়ির কদর সব সময়ই বেশি। তবে বাজারে আসল ও নকল - দুই ধরনের বেনারসি থাকায় কেনার সময় শাড়ির বুনন, নকশা, কাপড়ের মান ও ওজনসহ কয়েকটি বিষয় খেয়াল করা জরুরি। কিছু সহজ পরীক্ষা করেও আসল বেনারসি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
দুই পাশের বুনন দেখুন
আসল বেনারসি শাড়ির দুই পাশেই ঘন সুতোর কাজ থাকে। অন্যদিকে নকল শাড়ির উল্টো পিঠ তুলনামূলক খসখসে হতে পারে। তাই কেনার আগে শাড়ির সামনের অংশের পাশাপাশি পেছনের বুননও ভালোভাবে দেখে নেওয়া উচিত।
জরির বুনন খেয়াল করুন
বেনারসিতে সোনালি ও রুপালি রঙের জরি সুতো ব্যবহার করা হয়। শাড়ি হাতে নিয়ে জরির বুনন ও রঙের মান খেয়াল করা যেতে পারে।
খাঁটি হাতে বোনা বেনারসির জরির একটি বৈশিষ্ট্য হলো এর বুনন একটানা থাকা। একটি বুটি থেকে আরেকটি বুটি কিংবা পাড়ের নকশায় জরির সুতো সাধারণত বিচ্ছিন্ন থাকে না। কিন্তু পাওয়ার লুমে তৈরি শাড়িতে প্রতিটি বুটির নকশার সুতো আলাদাভাবে শেষ হয়ে যায়। কোথাও কোথাও সুতো কাটা থাকার বিষয়টিও স্পষ্ট বোঝা যায়। এই পার্থক্য দেখে হাতে বোনা ও পাওয়ার লুমের বেনারসির মধ্যে ধারণা পাওয়া সম্ভব।
মোটিফ মিলিয়ে দেখুন
আসল বেনারসির নকশায় মোঘল মোটিফের ব্যবহার দেখা যায়। আমরু, দোমাক ও আমবিরের মতো মোটিফের পাশাপাশি ফুলের নকশাও থাকতে পারে। তাই শাড়ির নকশার ধরনও বেনারসি চেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
আঁচলের প্যাচ আছে কি না দেখুন
বেনারসি শাড়ির আঁচলে সাধারণত ছয় থেকে আট ইঞ্চির একটি প্যাচ থাকে। কাঁধের কাছাকাছি থাকা এই অংশটি আসল বেনারসিতে দেখা যায়। নকল শাড়িতে এমন প্যাচ নাও থাকতে পারে।
তৈরিতে সময় লাগে
একটি বেনারসি শাড়ি তৈরি করতে একজন কারিগরের প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে। উন্নত মানের সুতো ও সিল্ক ব্যবহার করে এসব শাড়ি তৈরি করা হয়। এ কারণে ভালো মানের বেনারসির দামও তুলনামূলক বেশি হতে পারে।
আংটি দিয়ে পরীক্ষা
আসল সিল্ক মসৃণ ও মোলায়েম হওয়ায় শাড়ির কাপড় হাতের আংটির ভেতর দিয়ে সহজে প্রবেশ করানো যায়। নকল শাড়ির ক্ষেত্রে এমনটি করা কঠিন হতে পারে।
কাপড় ঘষে দেখুন
কম দামের বেনারসি কেনার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। নকল বেনারসি মেশিনে তৈরি হতে পারে। শাড়ির কাপড় হাতে নিয়ে ঘষে দেখলে হাত গরম অনুভূত হলে সেটিকে খাঁটি সিল্কের কাপড় হিসেবে ধরা হয়।
ওজনও একটি বিষয়
শাড়ির ওজন দেখেও এর খাঁটিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভালো সিল্কে তৈরি বেনারসি সাধারণত হালকা হয়। তবে ভারী শাড়ি মানেই নকল - এমন নয়। বেনারসিতে জারদৌসি কাজ থাকলে সেটি হালকা সিল্কে তৈরি করা সম্ভব হয় না। এ ধরনের শাড়ি তৈরির সময় স্থায়িত্বের কথা বিবেচনা করে সিল্কের ধরনও পরিবর্তন করা হয়।
কীভাবে সংরক্ষণ করবেন
যত্নসহকারে রাখলে বেনারসি শাড়ি দীর্ঘদিন ভালো রাখা যায়। শাড়ি ঝুলিয়ে না রেখে পাতলা সাদা সুতির কাপড়ে মুড়িয়ে রাখা ভালো। মাঝেমধ্যে শাড়ি বের করে ভাঁজ পরিবর্তন করলেও দীর্ঘদিন ভালো রাখার সম্ভাবনা থাকে।