সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পরিচালিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে জানুয়ারি ২০২৭ সেশনের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশিকা পরীক্ষা ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। উচ্চতর গবেষণা ও একাডেমিক দক্ষতা অর্জনে আগ্রহী বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা এ সুযোগ নিতে পারবেন।

পিএইচডি ও এক্সিকিউটিভ পিএইচডির সুযোগ

জানুয়ারি ২০২৭ সেশনে সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। পাশাপাশি কর্মজীবী পেশাজীবীদের জন্য রয়েছে এক্সিকিউটিভ পিএইচডি প্রোগ্রাম। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা বাড়ানো এবং গবেষণার জন্য এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

আবেদনের সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষণা কর্মকর্তা, বিসিএস ক্যাডার কর্মকর্তা, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, বহুজাতিক ও দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মী, এনজিও ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তি এবং তরুণ গবেষকদের জন্য।

পিএইচডি প্রোগ্রামে সরাসরি শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে/সংগৃহীত

যেসব বিষয়ে পিএইচডি করা যাবে

সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদে বিভিন্ন শাখায় পিএইচডি করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য উন্মুক্ত বিষয় হচ্ছে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, লিগ্যাল স্টাডিজ, গণিত, সমাজবিজ্ঞান, মিডিয়া, আর্টস অ্যান্ড ডিজাইন, পদার্থবিজ্ঞান, রসায়ন, ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও ইংরেজি।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

ভর্তি-সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ই-মেইল করা যাবে admission@sau.int ঠিকানায়। এ ছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে +৯১-৯৮১৮১৮৫২২২ নম্বরে।

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ বাংলাদেশের উদীয়মান গবেষক ও পেশাজীবীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।