যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ নিয়ে চালু হয়েছে ‘সায়েন্স ফেলোশিপ’। প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারেন।
যেসব বিষয়ে গবেষণার সুযোগ
এই ফেলোশিপে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি, সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা
স্টাইপেন্ড: বছরে ৯৮ হাজার ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা)। এর পাশাপাশি স্ট্যানফোর্ডের বিভিন্ন সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার, সর্বোচ্চ ২,৫০০ ডলার স্থানান্তর ব্যয় এবং যোগ্য ফেলোদের জন্য শিশু যত্ন ও ভিসা ব্যয়ে সহায়তা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীদের অবশ্যই ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে।
- ফেলোশিপ শুরু হওয়ার সময়ের আগের তিন বছরের মধ্যে পিএইচডি অর্জন করতে হবে।
- অন্য কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকবে।
- বর্তমান স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও পোস্টডক্টরাল গবেষকেরা আবেদন করতে পারবেন না। যারা ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যারা যোগ দেবেন, তারা এ ফেলোশিপের জন্য অযোগ্য বলে গণ্য হবে।
আবেদনের নিয়ম
আবেদনের জন্য অ্যাকাডেমিক জবস অনলাইন (এজেও) প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এ ছাড়া, আবেদনকারীদের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণা সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করতে হবে। ফেলোশিপ পাওয়ার জন্য অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যের হোস্ট হতে সম্মতি থাকা বাধ্যতামূলক
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনের সঙ্গে কারিকুলাম ভিটা, কভার লেটার, তিনটি সুপারিশপত্র
- সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট
- সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে - এসব বিষয় উল্লেখ করতে হবে।
সময়সীমা
ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত ফেলোশিপ শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৭ এবং শেষ হবে ৩১ আগস্ট ২০৩০। তবে ১ জুলাই বা ১ আগস্ট থেকেও যোগদান করা সম্ভব। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পরে যোগদান করা যাবে না।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬।
আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।