কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো পিএইচডি পর্যায়ে গবেষকদের জন্য ১০ কোটি কানাডীয় ডলারের বৃত্তি কর্মসূচি চালু করছে (বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৮০ কোটি ৫০ লক্ষ টাকা)। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ জন গবেষক চার বছর মেয়াদে বৃত্তি পাবেন।
বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে প্রত্যেক শিক্ষার্থী বছরে ৮০ হাজার কানাডীয় ডলার বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চার বছরে একজন শিক্ষার্থীর জন্য মোট বৃত্তির পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার।
এ বৃত্তি কর্মসূচির জন্য কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। অনুদানের সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও দেবে। ফলে কর্মসূচিটির মোট তহবিলের পরিমাণ দাঁড়াবে ১০ কোটি কানাডীয় ডলার।
বিশ্ববিদ্যালয়টির মতে, কানাডায় এ ধরনের বৃত্তি কর্মসূচির মধ্যে এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তি কর্মসূচির সঙ্গেও এর তুলনা করা যায়।
২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় বৃত্তি দেওয়া শুরু হবে। প্রথম বছর ১২ থেকে ১৩ জন নতুন শিক্ষার্থী বৃত্তি পাবেন। পরবর্তী বছরগুলোতে প্রতিবছর নতুন শিক্ষার্থী এ কর্মসূচিতে যুক্ত হবেন। কর্মসূচির চতুর্থ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫০-এ পৌঁছাবে। এরপরও প্রতিবছর ৫০ জন শিক্ষার্থীর জন্য এই বৃত্তি চালু থাকবে।