দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বলে জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
২৮ নভেম্বর: লিখিত পরীক্ষা
২৯ নভেম্বর: মৌখিক পরীক্ষা
৩০ নভেম্বর: চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।
যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
- প্যাকেজ-১ এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
- প্যাকেজ-২ এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
- প্যাকেজ-৩ এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
- প্যাকেজ-৪ এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।