যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউয়ের সময় আর্থিক সামর্থ্যের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একইসঙ্গে দেশটিতে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার কথাও জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
বার্তায় অনভিবাসী ভিসার বিষয়ে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনো বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।
ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই - এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
এর আগে, গত ২৪ নভেম্বর দেওয়া এক সতর্কতামূলক বার্তায় দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনে মিথ্যা তথ্য বা জাল নথি জমা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি হতে পারে।