বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ৩৪টি দেশের। এসব দেশের মধ্যে ৩১টিতে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন। জাপান ও উজবেকিস্তানে এ সুবিধা পাবেন শুধু কূটনৈতিক পাসপোর্টধারীরা। আর মালদ্বীপে সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, এসব দেশের নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরাও বাংলাদেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে, এমন দেশগুলোর তথ্য এতে তুলে ধরা হয়েছে।
তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো - সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। অর্থাৎ, এ দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও বাংলাদেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি সব ধরনের পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য। ফলে সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাতায়াতের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।