নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে নতুন ভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’র মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা পড়াশোনা শেষে আরও ছয় মাস নিউজিল্যান্ডে অবস্থান করে কাজ করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা
নতুন এ ভিসার জন্য বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামো (এনজেডকিউসিএফ) অনুযায়ী লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতা অর্জন করতে হবে।
এক্ষেত্রে আবেদনকারীদের নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে। তবে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন ও ব্রিজিং কোর্স এবং মাইক্রো ক্রেডেনশিয়ালকে যোগ্যতার আওতায় রাখা হয়নি। একইসঙ্গে যারা পোস্টস্টাডি ওয়ার্ক ভিসা পাওয়ার যোগ্য, তারা এ নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের সময়সীমার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। সংশ্লিষ্ট কোর্সের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের আগের তিন মাসের মধ্যে অর্জিত যোগ্যতার জন্য স্টুডেন্ট ভিসা থাকতে হবে।
নিউজিল্যান্ডে অবস্থানকালে নিজের থাকা-খাওয়ার ব্যয় বহনের সক্ষমতাও দেখাতে হবে আবেদনকারীকে। এজন্য ব্যাংক হিসাব বা অন্য গ্রহণযোগ্য মাধ্যমে অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। পাশাপাশি দেশটির স্বাস্থ্য ও চরিত্রসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
কাজের সুযোগ ও সীমাবদ্ধতা
এ ভিসা পেলে নিউজিল্যান্ডের যেকোনো এলাকায় যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা যাবে। পেশা নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। তবে এ ভিসার আওতায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা বা পরিচালনা করা যাবে না। বাণিজ্যিক যৌনসেবার কাজও নিষিদ্ধ।
ভিসাটি একজন আবেদনকারীকে মাত্র একবার দেওয়া হবে। এর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়নি।
আবেদন করবেন যেভাবে
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘এনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন সিস্টেম’ (এডিইপিটি) ব্যবহার করে আবেদন করতে হবে।
আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি পাসপোর্টের তথ্য, গ্রহণযোগ্য ছবি এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
এ ভিসার আবেদন ফি শুরু হয়েছে ১,৬৭০ নিউজিল্যান্ড ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৮৭২ টাকা। তবে আবেদনকারীর অবস্থান ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত ফি নির্ধারিত হবে।