প্রেমের জন্য কত কিছুই না করে মানুষ। প্রেমিক-প্রেমিকা একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য সাত সাগর তের নদী পাড়ি দিতেও রাজি। সেখানে পুরো গ্রামের বিদ্যুৎ বন্ধ করে রাখা আর তেমন কঠিক কী কাজ? বিশ্বাস না হলেও সম্প্রতি ভারতের বিহার রাজ্যে প্রেমিকার সঙ্গ পাওয়ার জন্য গ্রামের বিদ্যুৎ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য প্রতিদিন রাতে একটি নির্দিষ্ট সময়ে পুরো গ্রামের বিদ্যুৎ বন্ধ করে রাখতেন গ্রামেরই এক বিদ্যুৎমিস্ত্রি।
তারপর, গ্রামের একটি সরকারি স্কুলে দেখা করতেন দুজন। কথাবার্তা শেষ হলে নির্দিষ্ট সময় পর আবারও বিদ্যুৎ সংযোগ চালু করে দিতেন ওই প্রেমিক। এভাবে লুকিয়ে দীর্ঘদিন প্রেম করলেও গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় ধরা পড়ে যান এই যুগল।
গ্রামবাসী জানান, একই সংযোগ পাশের গ্রামেও বিদ্যুৎ আসে। কিন্তু, প্রতিদিন তাদের গ্রামে বিদ্যুৎ চলে গেলেও অন্য গ্রামে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকায় সন্দেহ হয় তাদের। পরে, এ ঘটনা নজরদারি শুরু করেন তারা। আর সমাধান করেন এই রহস্য।
তারা জানান, এক রাতে গ্রামের এক প্রান্তে বিদ্যুতের মূল সংযোগকারী একটি খুঁটিতে উঠতে দেখেন ওই মিস্ত্রিকে। একটু পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গ্রামের বিদ্যালয়ের দিকে হাঁটা দেন তিনি। যেখানে আগে থেকেই হাজির ছিলেন গ্রামেরই এক মেয়ে। প্রায় ঘণ্টা দুয়েক পর সেখান থেকে বের হয়ে আবারও খুঁটির কাছে যান ওই যুবক এবং ঠিক করে দেন বিদ্যুৎ সংযোগ।
জানা গেছে, এ ঘটনার পরপরই হাতেনাতে ধরা হয়েছে ওই যুগলকে।