পরিত্যক্ত খামারে পাওয়া চিত্রকর্ম ৩৩ কোটি টাকায় বিক্রি

১৬১৫ থেকে ১৬১৮ সালের মধ্যে আঁকা বেলজিয়ামের চিত্রশিল্পী অ্যান্থনি ভ্যান ডাইকের একটি চিত্রকর্ম ৩৩ কোটি টাকায় (৩১ লাখ ডলার) নিলামে বিক্রি হয়েছে।

বিংশ শতাব্দীর শেষদিকে নিউইয়র্কের পরিত্যক্ত খামার থেকে তার ওই চিত্রকর্মটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সেটি নিলামে তোলা হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। 

চিত্রকর্মটির নাম “সেন্ট জেরোমি”। এতে দেখা যায়, এক নগ্ন বৃদ্ধ টুলে বসে আছেন। এটি বর্তমানে নেদারল্যান্ডসের রটারডামের মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বিউনিংজেনে রয়েছে।

শিল্প সংগ্রহকারী প্রতিষ্ঠান সোথেবাইস জানায়, জীবন্ত ব্যক্তিদের দেখে তৈরি ভ্যান ডাইকের মাত্র দুটি চিত্রকর্মের মধ্যে “সেন্ট জেরোমি” একটি। এটি ১৬১৫ থেকে ১৬১৮ সালের মধ্যে আঁকা হতে পারে। বেলজিয়ামে জন্ম নেওয়া ভ্যান ডাইক তখন তরুণ। বিশ শতকের শেষদিকে খামার থেকে চিত্রকর্মটি উদ্ধার করা হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, একটি খামার বাড়ির পেছনে পুরোনো জিনিসপত্রের সঙ্গে অযত্নে পড়েছিল চিত্রকর্মটি। সেখান থেকে অ্যালবার্ট বি রবার্টস নামে এক সংগ্রাহক ডাইকের চিত্রকর্মটি ৬৩ হাজার টাকায় (৬০০ মার্কিন ডলার) কিনেছিলেন। 

সুজান জে বার্নেস নামে এক ইতিহাসবিদ এই চিত্রকর্মটি ডাইকের বলে প্রথমে শনাক্ত করেন। নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ডাইকের এই চিত্রকর্মটিতে মানবদেহের গঠন সম্পর্কেও ধারণা রয়েছে। চিত্রকর্মটি যিনি মডেল ছিলেন তিনি ডাইকের আরও একটি চিত্রকর্মের মডেল ছিলেন।