রান্নায় বহু দামি টমেটো, রেগে ঘর ছাড়লেন স্ত্রী

রুচি ও স্বাদে পার্থক্য আনতে রান্নায় অনেক কিছুই ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর ব্যবহারও বিরল কোনো ঘটনা নয়। অনেক তরকারিতে টমেটোর ব্যবহার খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এছাড়া, চাটনি এবং সালাদেও ব্যবহার করা হয় এ সবজি। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকেই হয়ত খরচ বাঁচাতে রান্নায় টমেটো ব্যবহার কমিয়ে দিয়েছেন আজকাল। কিন্তু বাড়তি টমেটো ব্যবহারে কোনো নারী তার স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন- এমনটা বোধহয় কেউ কস্মিনকালেও ভাববে না। কিন্তু ভারতের মধ্যপ্রদেশে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় একটি ধাবা (খাবার দোকান) পরিচালনা করেন সঞ্জীব ভার্মা এবং তার স্ত্রী আরতি। রান্নায় একাধিক টমেটোর ব্যবহার নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামীর ঘর ছেড়ে মেয়েকে নিয়ে চলে যান আরতি।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে না জানিয়েই সবজিতে দুটি টমেটো ব্যবহার করেছিলেন সঞ্জীব। এ নিয়ে আরতি তার স্বামীকে বকাঝকা করেন। একপর্যায়ে ঝগড়ায় রূপ নেয়। ঝগড়ার পর তিনি মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান।

রান্নায় সামান্য বাড়তি টমেটো ব্যবহার নিয়ে ঝগড়াকে অযৌক্তিক বলারও উপায় নেই। এক মাসেরও কম সময়ের ব্যবধানে ভারতে টমেটোর দাম ৩২৫% বেড়েছে। কিছুদিন আগেও ভারতে প্রতি কেজি টমেটো ১০ রুপিতে পাওয়া যেত। কিন্তু এখন অধিকাংশ জায়গায় কেজিপ্রতি টমেটো কিনত ১৫০ থেকে ১৬০ রুপি পর্যন্ত খরচ। রান্নায় অযথা অতিরিক্ত টমেটো ব্যবহার নিয়েই আর্তি মূলত ক্ষিপ্ত হয়েছিলেন।

স্ত্রী যখন মেয়েকে নিয়ে বাড়ি চলে যান, তখন তিনি স্বামীকে কিছু জানাননি। ঝগড়ার সময় অনেক কিছু বললেও স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সঞ্জীব ভার্মা নিজের ভুল বুঝতে পারেন। দাম কমার আগ পর্যন্ত রান্নায় বাড়তি টমেটো না ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে তিনি স্ত্রীকে বাড়ি ফেরাতে তিনি শেষে স্থানীয় পুলিশের শরণাপন্ন হন।

পুলিশ পরবর্তীতে সঞ্জীব ভার্মার স্ত্রীর সন্ধান শুরু করে। শেষপর্যন্ত আরতিকে শহরের কাছেই উমারিয়ায় তার বোনের বাড়িতে পাওয়া যায়। পুলিশ আরতিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাড়ি ফেরার অনুরোধ জানায়। 

স্থানীয় পুলিশের কর্মকর্তা সঞ্জয় জাসওয়াল জানান, টমেটো ব্যবহারকে কেন্দ্র করে সৃষ্ট এ দ্বন্দ্বের সমাধানে তারা চেষ্টা চালাচ্ছেন।