উচ্চশিক্ষায় কানাডা যাওয়ার খরচ বাড়ল

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়েছে কানাডার সরকার। দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এ খরচ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ নিয়ম মানতে হবে শিক্ষার্থীদের।

প্রচলিত নিয়মে বিদেশি শিক্ষার্থীদের কানাডায় জীবনযাপনের নিশ্চয়তার জন্য নিজেদের ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেখাতে হয়। গেল দুই দশক ধরে শিক্ষার্থীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ডলার দেখিয়ে আবেদন করেছে। তবে, নতুন বছরে চালু হতে যাওয়া নিয়ম অনুসারে, এখন থেকে শিক্ষার্থীদের ব্যাংকে ২০ হাজার ৬৩৫ ডলার দেখাতে হবে।

সিবিসির খবর বলছে, কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার এ প্রসঙ্গে বলেছেন, “কানাডায় পড়তে যাওয়ার জন্য যে যে শর্ত আছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে সমন্বয় করা হয়নি। এর ফলে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা দেখতে পান, সেখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই।”

বিদেশি শিক্ষার্থীরা কানাডায় গিয়ে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পান। এ সময়সীমা বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দিয়েছেন মার্ক মিলার।

মিলার বলেছেন, “কানাডার প্রদেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি আসন্ন ফল সেমিস্টারের আগে যথাযথ পদক্ষেপ নিতে না পারে, তাহলে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা সীমিত করা হবে। প্রদেশগুলোতে কিছু ডিপ্লোমা চালু আছে, যেগুলো কেবল নামমাত্র চলছে। ক্যাম্পাসের বাইরে থাকার জায়গা দিতে পারবে এবং দায়িত্ব নিতে পারবে, এমন নিশ্চয়তা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির করাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক ততসংখ্যক শিক্ষার্থীকেই পড়ার সুযোগ দেবে, যতজনের থাকা-খাওয়ার সুবিধা তারা দিতে পারবে।”