জেনে নিন কাঁচা আম দিয়ে গরুর মাংসের রেসিপি

চলে এসেছে ঈদ-উল-আজহার মৌসুম। শুরু হতে যাচ্ছে সকাল, দুপুর, রাতে তিন বেলা গরুর মাংস খাওয়ার ধুম। এই সময়ে তাই মাংসের রেসিপিতে ভিন্নতা আনাটা জরুরি।

এদিকে আবার চলছে আমের মৌসুম। পাকা আমের গন্ধে মৌ মৌ করছে চারদিক। তবে সব জাতের আমই যে পেকে গেছে তা কিন্তু নয়। এখনও অনেক জাতের আমই কাঁচা রয়েছে।

এই সুযোগে তাই কাঁচা আম দিয়ে রান্না করতে পারেন গরুর মাংসের দারুণ এক রেসিপি। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

উপকরণ

  • গরুর মাংস: ১ কেজি
  • কাঁচা আম: ২টি
  • সরিষার তেল: আধা কাপ
  • শুকনা মরিচ: ৩টি
  • আস্ত জিরা: ১ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়া: আধা টেবিল চামচ
  • পাঁচফোড়ন: ২ চা চামচ
  • পাঁচফোড়ন গুঁড়া: ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া: আধা চা চামচ
  • তেজপাতা: ২টি
  • পেঁয়াজ কুচি: আধা কাপ
  • রসুনের কোষ: ৮টি/১০টি
  • আদা বাটা: ২ টেবিল চামচ
  • রসুন বাটা: ২ টেবিল চামচ
  • শুকনা মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া: ১ চা চামচ
  • লবণ: স্বাদমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে একটি কুকিং প্যানে তেল দিয়ে শুকনা মরিচ, পাঁচ ফোড়ন, আস্ত জিরা, তেজপাতা হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন।

একই তেলে এবার আদা, রসুন বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। এরপর তারমধ্যে মাংস দিয়ে মসলাতে ভালোভাবে কষিয়ে নিন। ভালোভাবে কষানোরে পর গরম পানি দিয়ে ঢেকে ৩৫-৪০ মিনিট সেদ্ধ করুন।

এরপর পাঁচ ফোড়ন গুঁড়া, জিরার গুঁড়া, আস্ত রসুন ও কাঁচা আমের টুকরো দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রেখে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।