“জীবন” আর “ঝামেলা” শব্দটি হল একে অপরের পরিপূরক। জীবন আছে মানে ঝামেলা থাকবেই এটাই হল বাস্তব। তবুও দিন শেষে ঝামেলা এড়িয়ে চলতে চলতে জীবন ঠিকই পার হয়ে যায়। অনেকেই ঝামেলা থেকে বাঁচতে কত কি-না করেন, কিন্তু ঠিক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ঝামেলা। অপ্রত্যাশিত উত্থান- পতনের মধ্য দিয়ে জীবন এগিয়ে চলে। এসব কথা কেন বলছি জানেন, আজ হল “ঝামেলার শেষ নেই” (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। আজ ৯ নভেম্বর “ঝামেলা দিবস”। এই দিনটি প্রথম পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কবে, কখন, কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য অজানাই রয়েছে।
এই দিনটি মনে করিয়ে দেয়, ঝামেলা আমাদের জীবনেরই অংশ। ঝামেলা অস্বীকার করার কিছু নেই। বরং সহজভাবে গ্রহণ করে ইতিবাচক থাকতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে হবে। এজন্য “বর্তমান”কে গুরুত্ব দেওয়া সবচেয়ে ভালো উপায়।
“ইতিবাচকতা” বাড়ানোর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে পারেন। এজন্য নিয়মিত যোগব্যায়াম বা ধ্যানচর্চা করতে পারেন। শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে পারেন। অতিরিক্ত প্রত্যাশা কমাতে পারেন এবং বাস্তবসম্মত চিন্তা করতে পারেন।