ঘরোয়া উপাদানে মাত্র ১০ মিনিটে যেভাবে জিলাপি তৈরি করবেন

চলছি রমজান মাস। আর এই মাসে অন্যতম আলোচিত একটি খাবার হলো জিলাপি। ইফতারিতে অনেকেই জিলাপি পছন্দ করেন। এই জিলাপি আমাদের দেশে এসেছিল মধ্যযুগে, তুর্কিদের হাত ধরে। যদিও জিলিপির আবিষ্কার করেছিলেন মিশরের ইহুদিরা। ইরানে জিলাপিকে ডাকা হতো “জেলেবিয়া” নামে। রমজান মাসে ইরানে গরীব-মিসকিনদের এই জেলেবিয়া দান করার প্রথা ছিল। আর ১৫০০ শতকের ভারতে জিলাপিকে বলা হতো “কুণ্ডলিকা”। কোনো কোনো  ইতিহাসবিদের দাবি, ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ “গুণ্যগুণবোধিনী”-তে এক বিশেষ ধরণের মিষ্টি প্রস্তুত করার জন্য যে উপাদানের তালিকা পাওয়া যায়, তার সঙ্গে আধুনিক জিলাপি রন্ধন প্রক্রিয়ার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে।

দোকান থেকে তো  জিলাপি কিনে খাচ্ছেন। একদিন নিজের হাতেই বাড়িতে বানিয়ে দেখবেন নাকি? ঘরোয়া উপাদান দিয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি করা যাবে এই গরম গরম জিলিপি।

জিলিপি তৈরিতে যা যা লাগবে:

ময়দা- ৫০০ গ্রাম, দই- ১০০ গ্রাম, চিনির রস- ১ কেজি, ঘি বা তেল- ৫০০ গ্রাম, গোলাপজল- ১ টেবিল চামচ অথবা কেশর- এক চিমটে।

প্রণালী:

অল্প পানিতে দই এবং ময়দা ভালোমতো মেখে ৮ থেকে ১০ ঘণ্টা ঢেকে রেখে দিন। চিনির পাতলা রস তৈরি করে রাখুন। এতে সামান্য গোলাপ জল দিতে পারেন। অথবা জিলাপির রং গাঢ় করতে চাইলে গরম রসে সামান্য কেশর মিশিয়ে দিতে পারেন।

এ বার একটি কড়াইয়ে ঘি বা তেল গরম করুন। পেস্ট্রি ব্যাগে দই-ময়দার মিশ্রণ ভরে নিন। গরম ঘি বা তেলে প্যাঁচ দিয়ে একটা একটা করে জিলাপি ছাড়তে থাকুন। জিলাপি ভাজা হয়ে গেলে সেগুলো সঙ্গে সঙ্গে চিনির রসে কিছুক্ষণ রেখে উঠিয়ে অন্য পাত্রে রাখুন।

বাড়িতে বানানো জিলাপি খান গরম গরম।