আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২। বাংলা বর্ষ-পঞ্জিকার প্রথম দিন। একটি বছর বিদায় নিয়ে আরেক বছরে পদার্পণ করলো আমাদের জীবন। এই সময়ে অনেকেই হিসাব-নিকাশ করছেন, এক বছরের পাওয়া না পাওয়া নিয়ে। আবার কেউ কেউ বর্ষবরণ নিয়ে উচ্ছ্বসিত।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য ও মহাপুনর্মিলনের দিন। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা ও হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ ও ভালোবাসার চেতনায় একত্রিত হয়।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “মোঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদ্যাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেছিলেন। এটি একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে ওঠেছে।”
অধ্যাপক ইউনূস বলেন, “নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট ও দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই। ২৪ সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
আজ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিন নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।