মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতারা।

সোমবার (১১ আগস্ট) বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনসিপি।

এতে বলা হয়, এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়। এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সব কটি জেলায় সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।

বৈঠকে এনসিপির ৪ নেতা অংশ নেন। তারা হলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।