ছাত্রদল: একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে (ডাকসু) ঘিরে একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের ঢাবি শাখা।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করে বলেন, “একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে।”

“মব উস্কে দিয়ে” ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।