সালাহউদ্দিন: জুলাই সনদ যদি সংবিধানের ওপরে রাখা হয়, খারাপ নজির হবে

কোনো ডকুমেন্ট সংবিধানের ওপরে হতে পারে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যদি সনদ সংবিধানের ওপরে রাখা হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে- এটাও সঠিক হয়নি।”

মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু কিছু বিষয় আলোচনা করা না হলেও তা সেখানে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সবকিছু পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের দুই বছরের মধ্যে সংবিধানসংক্রান্ত সংশোধনী পাস করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই।”

বিএনপির এই নেতা বলেন, “জুলাই সনদে উত্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে; যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কীভাবে হবে এবং সংবিধান সংস্কারবিষয়ক যেসব কথা এসেছে, তার বাস্তবায়ন কীভাবে হবে- এসবের নিষ্পত্তি জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি।”

সালাহউদ্দিন বলেন, “বলা হয়েছে এই সনদের বিধি-বিধানের ব্যাখ্যা চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। আপিল বিভাগের ওপর কি এমন কোনো আইন ন্যস্ত করতে পারি?”

তিনি আরও বলেন, “কোনো মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন থেকে আপিল বিভাগে আপিল হয়। তাছাড়া সংবিধানিক কিছু বিষয়ে অনুচ্ছেদ ১০৩ অনুসারে আপিল বিভাগে যাবে। জুলাই সনদ তো সেলফ অডিয়েন্সও নয়, আইনও নয় এবং রায়ও নয়। এখানে ব্যাখ্যার জন্য আপিল বিভাগ কে পাঠাবে? কিসের ভিত্তিতে যাবে? সেই প্রশ্নগুলো আগে নির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটা সমঝোতার দলিলে স্বাক্ষর করলাম, সেখানে ব্যাখ্যা দেওয়ার জন্য আপিল বিভাগের কোনো এখতিয়ার আছে কি-না, এই এখতিয়ারটা কী- এটা খুঁজে বের করতে হবে।”