নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ডসল্যান্ড গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এনায়েতনগর ইউপির ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের ছেলে রাকিব গুলিবিদ্ধ হন।

আহতরা হলেন, রাকিব (২৩), স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০) এবং পথচারী শিশু ইমরান (১০)। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে আরো দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা অভিযোগ করে বলেন, “ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে অভির নেতৃত্বে ২০ থেকে ৩০ জন সশস্ত্র লোক অতর্কিতে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটায়, কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, চাঁদনী হাউজিং এলাকায় ডসল্যান্ড নামের একটি গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাসিনুজ্জামান বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।"