কক্সবাজার আদালত চত্বরে স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে।
এ ঘটনায় দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন - মঈন উদ্দিন ও রনি।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আটক ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায়। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল মঈন উদ্দিন, বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে পাশে থাকা ব্যক্তিরা গুলিবিদ্ধ হয়। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী সংবামমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানতে পেরেছি। তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করতে চাচ্ছি না।”