গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ছানোয়ার হোসেন মোল্লা দলীয় পদ ছেড়ে ১২০০ কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। 

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে তিনি কর্মীদের নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 

একই অনুষ্ঠানে নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শেখও বিএনপিতে যোগ দেন। 

এ সময় বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান হাচিব, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন। 

আওয়ামী লীগের সদ্য সাবেক কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রায় ২ বছর পর সম্প্রতি দেশে ফিরেছি। রাজনৈতিক বিভিন্ন বিষয় ও স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের মানুষের প্রতি আন্তরিকতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমি বিএনপিতে যোগদান করেছি।” 

তিনি আরও বলেন, “আমার সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও নুরুল ইসলাম শেখও বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া আমার ১২০০ নেতা, কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।”  

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আর এই জোর দখলের নির্বাচন হবে না। আপনারা আপনাদের পছন্দের নেতাকে নিজেরাই নির্বাচিত করবেন। এখানে কোনো জুলুম থাকবে না, কোনো ভয়ভীতি থাকবে না, কোনো সন্ত্রাসের মাধ্যমে কাউকে জেতানোও সম্ভব হবে না।” 

তিনি আরও বলেন, “আপনারা আমাদের ওপর আস্থা রাখুন, আমার ওপর বিশ্বাস রাখুন। আমি চাই গোপালগঞ্জ সদর উপজেলায় কোনো অন্যায়-অত্যাচার না হয়, কেউ যেন কষ্ট না পায় বা ঠকানো না হয়, এমন পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাল্লাহ।”