গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

গ্রেপ্তারের একদিন পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। মারা যাওয়া নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। 

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। 

চট্টগ্রামের কারা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আটকের পর মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ওই যুবলীগ নেতাকে আনা হয়েছিল চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে। 

কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

জেল সুপার ইকবাল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল আলমের হার্ট অ্যাটাক হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে, ২০২৪ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।