আওয়ামী লীগের আরো একজন সাবেক এমপি আটক

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম নূর মোহাম্মদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুর্নীতির অনুসন্ধান চলাকালে গত জানুয়ারি মাসে আদালতের নির্দেশে নূর মোহাম্মদ, তার স্ত্রী ও ভাতিজাসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

পুলিশ জানায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।