ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিলো বলে দাবি করেন তিনি।
বুধবার (৮ জুলাই) ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘‘ষড়যন্ত্র করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ইন্টেরিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘তারপরেও এই রায় কেন মেনে নিলাম? এত বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি আমরা সেদিন এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম- তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না।”
তিনি আরও বলেন, “১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ১১ দল এটাও বলেছে, নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেবো না।’’