দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সরকার জনগণকে কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে দেশের মানুষকে এখন নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই নিতে হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের ওই ঘটনার কথা উল্লেখ করে জামায়াত আমির লেখেন, “চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব একটা ভালো নয়।”
তিনি আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে আরও লেখেন, “জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ও অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে। এই দুর্বৃত্তদের খুঁটির জোর আসলে কোথায়?”
ফেসবুক বার্তার শেষাংশে চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।