জামায়াত এমপির ইমামতি করা নিয়ে মসজিদে উত্তেজনা

পাবনার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজের ইমামতি কে করবেন, তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাত শুরুর আগে মসজিদের ভেতরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

তবে আগে থেকেই উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরে মসজিদের নিয়মিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মসজিদে জুমার নামাজে ইমামতি করতে গেলে বিএনপি সমর্থকরা আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিমের অভিযোগ, স্থানীয় মসজিদে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এমপি সেখানে ইমামতি করতে যান। তিনি দাবি করেন, এমপি খুতবার আগে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেন এবং পরে নিজেই ইমামতি করার ঘোষণা দিলে মুসল্লিদের একাংশ আপত্তি জানায়। তখন জামায়াত ও শিবিরের সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অন্যদিকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মুসল্লিদের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন। তার দাবি, বিএনপির নেতাকর্মীরাই পূর্বপরিকল্পিতভাবে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। নামাজ শেষে তার এক সমর্থকের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

ঘটনার বিষয়ে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুললেও, পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং কোনো আহতের ঘটনা ঘটেনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সম্ভাব্য উত্তেজনার খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। সে কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নামাজের আগে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।