শফিকুর রহমান: জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে

দলের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামের ভিডিওকাণ্ড নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ইঙ্গিতপূর্ণ বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, মানুষের সংগঠন। তাই ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।”

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, কোথাও অন্যায়-অপরাধ দেখলে আমাদের জানিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা তা সংশোধনের উদ্যোগ নেব।” তিনি আরও বলেন, “দলের কেউ ভুল করলে তাকে অবশ্যই জবাবদিহি ও সংশোধনের আওতায় আনা হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু যা লাগে তা অনেক বেশি চোখে পড়ে। তাই নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই।”

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্যদের হস্তক্ষেপ করা উচিত নয়। সীমান্তে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব দুই দেশকেই বহন করতে হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, “নেতা ও নীতির সংশোধনের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

এ সময় সংবিধান ও গণভোটের ফল বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বেশি সংবিধান কচলাবেন না, না হলে নিজেদের অস্তিত্বই খুঁজে পাবেন না।”

সংবিধান ‘সংস্কার’ ও ‘সংশোধন’ প্রসঙ্গে তিনি দাবি করেন, জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, শুধুমাত্র সংশোধনের জন্য নয়। তার ভাষায়, “সংস্কার হলেই সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। কিন্তু সংস্কার ছাড়া শুধু সংশোধনের উদ্যোগের পেছনে কী উদ্দেশ্য আছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

ঢাকা জেলা জামায়াতের আমির মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।