বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু।
শনিবার (২৫ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সাথে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থী।
প্রসঙ্গত, এ বছরের শুরুতে “নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন” (এনপিএ) নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ ঘটে । প্ল্যাটফর্মটির সদস্য হিসেবে সে সময় ৯৯ জনের ঘোষণা করা হয়। এই প্ল্যাটফর্মের সঙ্গে মেঘমল্লারের নাম জড়িত থাকার খবর তখনই সামনে এসেছিল।
এবার তিনি নিজেই জানিয়েছেন, ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে এনপিএতে যোগ দিয়েছেন।