ভেঙে গেলো জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। 

শনিবার (২৫ জুলাই) দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের ব্যানারে আয়োজিত কোনো সভা-সমাবেশ বা কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর যেকোনো রাজনৈতিক ঐক্যের আহ্বান এলে তা বিবেচনা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠক শেষে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল নির্বাচনকেন্দ্রিক একটি সমঝোতা হিসেবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরপরই স্বাভাবিক নিয়মে এই ঐক্যের কার্যকারিতা শেষ হয়ে যায়। তা সত্ত্বেও নির্বাচনের পর ১১ দলীয় কিছু যৌথ কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল। তবে এখন থেকে এই জোটের যাবতীয় কার্যক্রম ও জোটগত সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ ও ইসলামের স্বার্থে নতুন কোনো ঐক্য প্রক্রিয়ার প্রয়োজন দেখা দিলে খেলাফত মজলিস তা সদ্ব্যবহারের চেষ্টা করবে।

এর আগে, গত ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পরপরই খেলাফত মজলিস এক বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল—ভবিষ্যতে এই জোটের যেকোনো সমাবেশের ব্যানার, পোস্টার কিংবা প্রচারণায় যেন খেলাফত মজলিস বা এর কোনো নেতার নাম ব্যবহার না করা হয়।

শনিবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী অধিবেশনে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও শূরার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ।