বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৩ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কথোপকথনের একটি অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কথোপকথনে আন্দোলন ঘিরে জমায়েত, আন্দোলনকারীদের কর্মসূচি এবং ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতি নিয়ে আলোচনা করতে শোনা যায় তাদের।
অডিওতে সাদ্দাম হোসেনকে বলতে শোনা যায়, “আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম। আর ওদের প্রোগ্রাম চলতেছে। ওখানে তিন হাজারের মতো স্টুডেন্টস আছে। সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।”
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, “পিটাও না কেন ওদের? তোমরা ওদের মারো না কেন? জড়ো হতে দাও কেন ওদের? তুমি না বলেছিলে আজকে থেকে হালকা হয়ে যাবে, তাহলে কই?”
জবাবে সাদ্দাম বলেন, “স্যার, জমায়েত আজকে বেশি ছিল।”
পরে কাদের বলেন, “এখন তো জামায়াত আর বিএনপিও যোগ হয়েছে। কিন্তু এটার কি কিছু করার নেই?”
এর জবাবে সাদ্দাম বলেন, “স্যার, আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই তাহলে তা করতে পারব। আজকেও তো আমাদের শাহবাগ যেতে, ওদের সামনে যেতে নিষেধ করা হয়েছে।”
কাদের জানতে চান, “কে বলেছিল?”
জবাবে সাদ্দাম বলেন, “ফোন দিয়েছিল স্যার। পুলিশ আর বিপ্লব দা যোগাযোগ করেছিল।”
এরপর কথোপকথনের আরেক পর্যায়ে ওবায়দুল কাদেরকে সাদ্দামের কাছে জানতে শোনা যায়, “আজকে জামায়াত আর বিএনপি যোগ হয়েছে?”
জবাবে সাদ্দাম বলেন, “আজকে স্যার ছাত্রদলের নেতৃবৃন্দ আসছে তো তাই জমায়েত বেশি হয়েছে।”
এরপর ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, “এটা কিছু করার নাই?”
কথোপকথনটি ২০২৪ সালের ১৩ জুলাই হয়েছিল বলে জানা গেছে। সে সময় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছিলেন।