রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। 

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।