তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে পূর্বে শপথ নেওয়া ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন, যার আলোকে আন্দালিব রহমান পার্থকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জু।
অন্যদিকে, ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
নতুন মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থের অন্তর্ভূক্তির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলো এবং বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী, উভয়ের নেতৃত্বেই পরিচালিত হবে মন্ত্রণালয়টি।