জামায়াত আমির: সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘গণভোট বাংলাদেশকে সংস্কার ও মেরামতের জন্য। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা মেনে নিয়ে পুরোপুরি বাস্তবায়ন করার কথা সরকার ও রাজনৈতিক দলগুলো বলেছিল। কিন্তু বর্তমান সরকার তা বাস্তবায়ন করেছে কি না, এখন সেই প্রশ্ন দেখা দিয়েছে।’’ 

তিনি বলেন, “ছয় মাস চলে যাচ্ছে, ১৮০ দিন পূর্ণ হতে যাচ্ছে। এরপর এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেবে। প্রথম দিন থেকেই এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আসছে।” 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়। 

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারী প্রমুখ। 

এর আগে, শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে ফেনীর মহিপালে পথসভা অনুষ্ঠিত হয়। পরে গাড়িবহরটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।