রিজভী: দেশ অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে 

বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি কর্মী লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। 

একই অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন তিনি। 

অনুষ্ঠানে রিজভী বলেন, “এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা দেওয়ার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ একটা ফুটেছে, একটা ফুটেনি। সারাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভারত থেকে বসে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মদদ দেওয়া হচ্ছে।” 

তিনি আরও বলেন, “আস্তে আস্তে এরা ধরা পড়ছে। এরা বসে নেই, কারণ এদের তো অনেক টাকা! বাংলাদেশ ব্যাংকের টাকা ওদের কাছে, সোনালী ব্যাংকের টাকা ওদের কাছে, বেসিক ব্যাংকের টাকা ওদের কাছে, পদ্মাসেতুর টাকা ওদের কাছে, মেট্রোরেলের টাকা ওদের কাছে, টাকার কোনো শেষ নেই!’’ 

দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা দেখেছেন, ভারতের কলকাতায় বসে সাবেক এক মন্ত্রী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। তার খবরও আমরা সংবাদপত্রে পাই। দেশের মধ্যে যারা আছেন, তারা অনেক কোটি টাকা নিয়ে বসে আছেন। এই টাকা খরচ করছেন দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টি করার জন্য।”