বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার ঘটনাটি রাতের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এমএসএ মাহমুদ জানান, ভিডিওতে দেখা যায়, তিন যুবক শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় অস্থায়ী জেলা কার্যালয়ে দাহ্য কোনো পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। এছাড়া অপর একজন পুরো দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করছেন। রাতের আঁধারে অগ্নিসংযোগকারীদের মুখ চেনা যায়নি।

তিনি আরও জানান, বুধবার রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি জানতে পেরেছেন। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেলা আহ্বায়ক জানান, পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে।

সংগঠনের সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এ মুহূর্তে কারও নাম বলা মুশকিল।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, রাতেই ঘটনাস্থল পদির্শন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এনসিপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।