কুমিল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলা, আহত ৩

কুমিল্লার লালমাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে যুবদলের দুই কর্মী ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাগমারা এলাকার ভূশ্চি বাজারে এ ঘটনা ঘটে।

লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করেন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে মিছিল নিয়ে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে ভূশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের সমর্থক নেতাকর্মীরা মিছিলে হামলা চালান। এতে যুবদল কর্মী মামুন ও আলমগীর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল আহত হন।

তবে ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু। তার দাবি, স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিলেন। বিএনপির নেতাকর্মীরা এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে মোজাম্মেলসহ কয়েকজন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে একজন আহত হন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মিছিলের ছোট ছোট ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলেও জানান তিনি।