বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বৃহস্পতিবার শান্তিনগরের বাসায় ফেরেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তিন বছর কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ আগস্ট) যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে সাপ্তাহিক ছুটির দিনেও ধানমন্ডি এলাকায় প্রায় তিন ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম তিনি জনসমক্ষে হাজির হলেন। এর আগে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে সম্রাটের জামিন মঞ্জুর করেন। তখন সম্রাট বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সম্রাট বলেন, “আমি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী। আমি তার অনুসারী হিসেবে কাজ করে যাবো।”
এর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর দেশব্যাপী অবৈধ ক্যাসিনোগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকেও কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব।
এরপর ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় সম্রাটের বিরুদ্ধে। পরের বছরের ২৬ নভেম্বর এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।