মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।

দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে দলের চেয়ারম্যান জিএম কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার (১৪ সেপ্টেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দলটির সাবেক মহাসচিব রাঙ্গা এখনও সংসদে বিরোধী দলের চিফ হুইপ পদে রয়েছেন।

তার অপসারণ এমন এক সময়ে করা হলো যখন আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দলের নিয়ন্ত্রণ নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

গত ৩১ আগস্ট জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন হঠাৎ করেই ২৬ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল আহ্বান করেন।

একদিন পর জাতীয় পার্টির সংসদীয় দল রওশনকে বাদ দিয়ে কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয়।

২ সেপ্টেম্বর এক বিবৃতিতে জিএম কাদের বলেন, তৃতীয় পক্ষ রওশনের নাম ব্যবহার করে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব নিযুক্ত করেন।

২০২০ সালের ২৬ জুলাই এরশাদের মৃত্যুর পর দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান রাঙ্গাকে পদ থেকে সরিয়ে দলের কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেন।

বাবলু মারা যাওয়ায় গত বছরের ১০ অক্টোবর দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।