শামীম ওসমান: রাজপথে নামতে প্রস্তুত আছি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় বসে আছে। কখন রাজপথে নামতে হবে আমরা প্রস্তুত আছি।

রবিবার (২৩ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘‘আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমার বড় ভাই একেএম নাসিম ওসমানের নামে সেতুর নামকরণ ও উদ্বোধনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমার পরিবারকে স্মরণ করেছেন আমার আর কি চাই?

সেদিন প্রধানমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল। খান সাহেব ওসমান আলী ও একেএম শামসুজ্জোহা ঘাঁটি ছিল। আমরা আর ছিল তে থাকতে চাই না। আকাশে শকুন উড়ছে, বাংলাদেশের মানচিত্রকে থাবা দিবে। তাই আমাদের প্রমাণ করতে হবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।''

তিনি বলেন, ‘‘শেখ হাসিনা এখন আর শুধু আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা এখন বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূলের সব নেতাকর্মীকে স্থান দিতে পারবেন না, কিন্তু তারপরও যারা অতিরিক্ত ত্যাগী, সব জায়গা থেকে তাদেরকে নিয়ে যেনো কমিটি করা হয়।''

এ সময় কমিটি প্রসঙ্গে এমপি শামীম ওসমান বলেন, ‘‘মানুষ আর হাইব্রিডের ধাক্কা খেতে চায় না। তৃণমূলের মূল্যায়ন চায়। এ নতুন কমিটিতে যেন তৃণমূলদের মূল্যায়ন করা হয়।''

এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি বীর প্রতীক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, সংসদ সদস্য শামীম ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা বিদ্যুৎ বড়ুয়া, মেহের আফরোজ চুমকিসংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে শুরুতেই শোক প্রস্তাব পেশ ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করা হয়।