শামীম ওসমান: যুক্তরাষ্ট্রে একা ছিলাম, সেখানেও ছাড় দেইনি

সামনে কঠিন সময় আছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, “অনেকে বুঝতেছে না। সামনে কঠিন সময় আছে। আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, নারায়ণগঞ্জ আমাদের তৈরি করতে হবে।”

সোমবার (৩১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, “খালেদা জিয়ার বংশধর আর জামায়াত শেখ হাসিনাকে গালি দেবে। আমেরিকার (যুক্তরাষ্ট্র) মাটিতে আমি একা ছিলাম আর ওরা এক-দেড়শ ছিল, সেখানেও ছাড় দেইনি- বাংলাদেশ তো বহু দূরের কথা। এখন আর চিন্তা করি না। মানুষ একবার মরে দুইবার না।”

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কর্মীর রাজনীতিতে আমি বিশ্বাস করি। নেতা বেঈমানি করে, কর্মীরা করে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য, নৌকার জন্য কাজ করতে হবে। উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”

আওয়ামী লীগের এই নেতা বিএনপিকে ইঙ্গিত করে বলেন, “ওরা একটা মরণকামড় দেবে। এ মরণকামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায়। কারণ ওরা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।”

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উদ্বোধক হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।