ছাত্রলীগ: দেশের রাজনীতিকে জিম্মি করার চেষ্টা চলছে

সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনরত বিএনপির বিরুদ্ধে “শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের” অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

ছাত্রলীগের অভিযোগ, রাজধানীর মিরপুরের বাঙলা কলেজ, বগুড়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়িসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালনকালে বিএনপি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। একইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে। 

ছাত্রলীগ এই অভিযোগ করলেও বিএনপি পাল্টা অভিযোগ করেছে। বিএনপির অভিযোগ, মঙ্গলবার তাদের পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এছাড়া পুলিশ তাদের কর্মসূচি পালনে বাধা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রলীগ মনে করে বিএনপি, তাদের পূর্ব অবস্থানে ফিরে গেছে। তারা আবারও সরকারকারবিরোধীতা করার নামে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। যদিও সাম্প্রতিক সময়ে দুই দলের একইদিনে প্রায় একই জায়গায় সমাবেশ হলেও তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার ছাত্রলীগৈর প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর  হাসান সৈকত।  

সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, “বাংলাদেশের রাজনীতিকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যখন এখানে সমাবেশ করছি তখন চট্টগ্রাম মেডিকেল  হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বিএনপির হামলায় আহত ইকু বাবু চাকমা। বিএনপি দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসের কারণে আমাদের বাবা-মায়েরা নিশ্চিন্তে থাকতে পারছেন না।”

ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, “বিএনপি সন্ত্রাসী সংগঠন; দেশের মানুষ ও সারা বাংলার ছাত্রসমাজ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। গতকাল (মঙ্গলবার) আমরা দেখেছি মিরপুর বাঙলা কলেজ, খাগড়াছড়িতে, ফেনীতে, বগুড়ায় গার্লস স্কুলে তারা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। জনমানুষের ক্ষতি করেছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা, আমরা তা করতে দেবো না।”

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, “বিএনপি পদযাত্রার নামে পতনযাত্রা শুরু করেছে। ২০১৩ -১৪ সালে হত্যা অগ্নিসন্ত্রাসের যে রাজনীতি শুরু করেছিল তারা, সেটি আবারও শুরু করেছে। বিএনপির বিজয়যাত্রা হলো মানুষ হত্যারযাত্রা।”

প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশে মিছিল নিয়ে যুক্ত হয় ঢাকা মহানগর, সাত কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানোর দায়ে বিএনপির নেতাকর্মীদের শাস্তির দাবি জানান।