ফখরুল: মানুষ অন্তর থেকে সরকারের পরিবর্তন চায়

মানুষ এখন অন্তর থেকে সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জোর করে চেপে বসা এই সরকার অপসারণে তরুণ-যুবক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “জগদ্দল পাথরের মতো এই দানবীয় সরকার জাতির ওপর চেপে বসে আছে। দানব বলেছি এই কারণে যে, তারা সবকিছু তছনছ করে দিয়েছে। আমাদের যা অর্জন সব তারা নষ্ট করে দিয়েছে। এখন মানুষ অন্তর থেকে পরিবর্তন চায়। প্রতিটি মুহূর্তে এ দেশের মানুষ সরকারকে সরে যেতে দেখতে চায়।”

তিনি বলেন, “দেশ ও জাতিকে রক্ষা করতে তরুণদের এগিয়ে আসতে হবে। জাফরুউল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন, আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।”

জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জাফরুল্লাহ ভাই, কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবে। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।”

ফখরুল বলেন, “এখন সময় খুব কম। আসুন, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।”

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ. স. ম. আবদুর রব বলেন, “বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান দরকার। মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। স্বাধীনতা চুরি হয়ে গেছে। সার্বভৌমত্ব হারিয়ে যাবে, যদি আমরা রুখে না দাঁড়াই। তাই ধর্ম বর্ণ না ভেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।