১৯৯০ সালে সামরিক শাসক হোসাইন মোহাম্মাদ এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রথম বিজয় এসেছে; আগামী অক্টোবরের মধ্যে “গণতন্ত্রের দ্বিতীয় বিজয়” আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, “একটা বিষয় ঠিক আছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না। চারদিকের অবস্থা ভালো না। …খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। নেত্রীকে বাঁচাতে হলে ঘরের মধ্যে সময় কম দিতে হবে। রাস্তায় দাঁড়াতে হবে।”
শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে একা আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, “রাস্তায় নামা ছাড়া নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির অন্য কোন পথ নাই। বেগম জিয়াকে মুক্ত করতে এই সরকারের পদত্যাগ করাতে হবে। সরকারের পদত্যাগ ছাড়া বেগম জিয়া মুক্ত হবে না। রাস্তায় নামা ছাড়া আমানের মুক্তি হবে না।”
তিনি আরও বলেন, “কে কখন জেলে যাই ঠিক নাই। কার কখন বিচার হয় সাজা হয় এটারও ঠিক নাই। তবে একটা বিষয় ঠিক আছে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছে না। চারদিকের অবস্থা ভালো না।”
“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল (শুক্রবার) বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হবে না। এতদিন বললেন, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না। এখন বাদ দেওয়ার প্রশ্ন চলে এসেছে। সবকিছু আল্লাহই ভালো জানেন। তবে এই জীবনে কম তো দেখলাম না। এরশাদকে দেখেছি, তার আগেও অনেক কিছু দেখেছি।”
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “বিএনপি যদি দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে তাহলে দেশের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে।”
তরুণদের উদ্দেশ্যে বিএনপির এই অন্যতম নেতা বলেন, “আমরা আগে ছিলাম এখনো আছি, ইনশাল্লাহ সামনে থাকবো। তবে তরুণদের দায়িত্ব নিতে হবে। গণতন্ত্রের প্রথম বিজয় আমরা ৯০-তে করেছি। দ্বিতীয় বিজয় আমরা দেখতে চাই। এবং সেটি অক্টোবরের মধ্যেই হবে, হবেই।”
বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সঞ্চালনা আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।