শামীম ওসমান: যা অবস্থা মহিলা লীগও বিএনপির সঙ্গে খেলবে না

আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির সাংগঠনিক শক্তি দেখে খুব লজ্জিত ও হতাশ হলাম। বিএনপির সঙ্গে খেলবো কীভাবে, যদি এই অবস্থা হয়। ছাত্রলীগও তাদের সঙ্গে খেলতে চাইবে না, মহিলা লীগও খেলবে না, হয়তো অনুরোধ করলে রাজি হতে পারে মহিলা লীগ।”

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। 

নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জে এলেন। তার সঙ্গে ৮-৯ জন নেতাকর্মী। তারা আবার একটা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছেন। তাদের এই দশা দেখার অপেক্ষায় ছিলাম। তার (রিজভী) জায়গায় যদি একটা পাগলও কথা বলতো, আরও বেশি লোক জড়ো হতো।”

শামীম ওসমান বলেন, ‌“এখন বিএনপির কর্মসূচি ডাকবে কে? সবাই তো গ্রেপ্তার হয়ে গেছে। বাইরে শুধু আছেন প্রতিবন্ধী রিজভী। এখন তার নাটক দেখবেন। গ্রেপ্তার হলে দেখবেন, হুইলচেয়ারে বসে যাচ্ছেন।”

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জে যতটুকু করেছেন, এনাফ। আর কইরেন না। জনগণ যদি আপনার বাসায় গিয়ে আক্রমণ করে, তখন কি করবেন? আপনি জনগণের সম্পত্তি নষ্ট করবেন, পুলিশ মারবেন, গাড়িতে আগুন দেবেন, এখন জনগণও যদি ক্ষুব্ধ হয়ে আপনার বাড়িঘরে হামলা চালায়, তখন কি করবেন? নারায়ণগঞ্জ থেকে আপনাদের ক্লিয়ার করতে আওয়ামী লীগের সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। ওতো শক্তিশালী আপনারা না, আমরা ধৈর্য ধরেছি, পুলিশও ধৈর্য ধরেছে, থেমে যান।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, “সবাই কোথায় বসছেন, দেখেশুনে বসবেন। খোলা পরিবেশে কেউ বসবেন না। তারা কিন্তু আর কিছুদিন পর হায়েনার রূপ নেবে। পরাজিত শক্তি যখন দেখবে হেরে গেছে, তখন ওরা কিন্তু মরণ কামড় দেবে।”

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন মন্তব্য করে তিনি বলেন, “ওরা (বিএনপি) ক্ষমতার ধারেকাছেও যেতে পারবে না। এমনও হতে পারে দেশ-বিদেশের লোক দিয়ে বলানো হবে, দয়া করে একটু ডাকেন না। ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের নেত্রী বলেছেন, যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করবো।”