দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিলেট-১ (সদর) আসন থেকে লড়বেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় যান তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মী ও দলীয় সমর্থকরা।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া প্রমুখ। সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও অসংখ্য দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বিমানবন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল ( র.) ও শাহপরান ( র.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটবাসীর আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ছিল বলেই আমি আবারও নৌকার মনোনয়ন পেয়েছি। আশা রাখি আগামী নির্বাচনে জয়ী হয়ে সিলেটের চলমান উন্নয়ন আরও বেগবান করব।
মোমেন আরও বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশ স্থিতিশীল থাকে, যা জাতির ভবিষ্যতের জন্য খুবই দরকার। আমরা শান্তি, স্থিতিশীল দেশ চাই। শেখ হাসিনা শান্তির প্রতিভূ। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই যেখানে সবার জন্য থাকবে অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা। সিলেটকে আমি একটি আলোকিত-উন্নত সিলেট গড়তে চাই। আমাদের শক্তি হচ্ছে জনগণ। আগামী নির্বাচনে জনগন উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট দিতে যাবে।