দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। তবে, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির সাবেক পাঁচজন সংসদ সদস্য নির্বাচনে শামিল হয়েছেন। তাদের মধ্যে কেউ ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে, কেউ অন্য দলের, আবার কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া দলের চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির একাধিক সদস্যও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বিএনপি নেতারা নির্বাচনে
- বিএনপি ছেড়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন একজন।
- বিএনপি নির্দেশ অমান্য করে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী।
- বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপির হয়ে প্রার্থী হয়েছেন ১৩ জন।
- বিএনপি ছেড়ে বিএনএমে গিয়ে নির্বাচনে লড়ছেন ছয় জন।
বিএনপির ১৩ নেতা স্বতন্ত্র প্রার্থী
কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক নেতা আবুল কাশেম ফখরুল। টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আহসান হাবিব।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জিয়াউল হক মোল্লা। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) লড়ছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম। বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে প্রার্থী হয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ শহীদ সারোয়ারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল হাসান।
বিএনপি থেকে তৃণমূল বিএনপি হয়ে লড়ছেন ১৩ জন
সিলেট-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মবিন চৌধুরী। নারায়ণগঞ্জ-১ আসনে লড়ছেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
ঝিনাইদহ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন আহমেদ। মেহেরপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গণি। চট্টগ্রাম-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন।
চুয়াডাঙ্গা-১ তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি তাইজাল হক। ঠাকুরগাঁও-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোজাফফর আহমেদ। চাঁদপুর-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি আবদুল কাদির তালুকদার।
গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী লড়ছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা জব্বার সরকার। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ। শেরপুর-২ আসন থেকে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তৃণমূলের হয়ে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ।
বিএনপির থেকে বিএনএমে গিয়ে ছয়জন নির্বাচনে
ফরিদপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। বরগুনা-২ আসনের নির্বাচনে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান। সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন। রাজশাহী–৩ আসনে বিএনএমের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনএমের হয়ে নির্বাচন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবদুল মতিন। শেরপুর-১ আসনে বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ।
বিএনপি থেকে একজন নৌকা প্রতীকে
ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর।