নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজারে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর সিকদার। সংঘর্ষের ঘটনায় আলমগীর সিকদারের ভাই জাহাঙ্গীর সিকদারসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
ঘটনা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, “রামচন্দ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছেন বলে তারা জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ করলে নৌকার লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও ছড়রা গুলি করে। এতে দুইজন আহত হয়।”
সংঘর্ষের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার ও তার ভাই জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৩ জনকে আটক করা হয়েছে।”
জানা গেছে, আসনটিতে এবার ১১৭টি কেন্দ্রের ৭৪১টি ভোটকক্ষে ভোট হচ্ছে। নারী, পুরুষ ও ট্রান্সজেন্ডার মিলিয়ে আসনটির মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন। নারায়ণগঞ্জ-২ আসনে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়নে নির্বাচন করছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম। তার বিপরীতে আলমগীর সিকদার ওরফে লোটন (লাঙ্গল), জাকের পার্টির মো. শাহজাহান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ইতোমধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে শনিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবু হানিফ।