নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) রাতে নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচনে জয়ের পর মাশরাফী সাংবাদিকদের বলেন, ‘‘আওয়ামী লীগের জেলা ও উপজেলার এবং তৃণমূলের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ। এক মাস ধরে তারা কঠোর পরিশ্রম করেছেন। লোহাগড়াবাসী সবসময় নৌকা প্রতীককে বিজয়ী করেছেন। এবার নড়াইল সদরের ভোটাররা লোহাগড়ার মতো ভোট দিয়েছেন। এবারও শতভাগ দিয়ে চেষ্টা করব নড়াইলের উন্নয়নের জন্য।’’
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন।